জাপানের রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ০০:৫৪ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১০:৫৩ এএম
রবিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার দপ্তরে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সিংগৃহীত ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রবিবার (১ অক্টোবর) বিকালে মন্ত্রীর দপ্তরে জাপানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে এ আলোচনা হয়। এ সময় সুষ্ঠু ভোটের ব্যাপারে তাকে প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী।
আলোচনা নিয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘গত ৫২ বছরে বাংলাদেশের পথচলায় জাপান অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে আমাদের যেভাবে সহায়তা করেছে, তা নিয়ে জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। দেশের উন্নয়নে ভবিষ্যতে যেন আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি, সেজন্য তার সঙ্গে আলোচনা করেছি।’
হাছান মাহমুদ বলেন, ‘তিনি (জাপানের রাষ্ট্রদূত) আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন। আমি তাকে জানিয়েছি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে। তাকে বলেছি, নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করা কখনও কারও জন্য সমীচীন নয়, সেটি আমি তাকে বলেছি। একই সঙ্গে দেশে যাতে কোনো রাজনৈতিক সহিংসতা না হয় যেটি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে হয়েছিল এবং এখনও বিএনপি তা করার চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে— এ বিষয়গুলো আলোচনা হয়েছে। পাশাপাশি জনগণ এবং অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর ও সর্বমহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, আলোচনায় সেটি আমি তাকে বলেছি।’
সহিংসতা বরদাশত নয়
এ সময় সাংবাদিকরা বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে কেউ সহিংসতা করুক, সেটি কখনও বরদাশত করব না। যে-কেউ রাজনৈতিকভাবে আন্দোলন করতে পারে, সরকারের পদত্যাগও চাইতে পারে। কিন্তু সেটি বলে দিনক্ষণ ঠিক করে সরকারকে টেনে নামিয়ে ফেলবে— সেটি বলা সমীচীন নয়, সেটি রাজনীতির ভাষা নয়।’
তিনি বলেন, যে ভাষায় বিএনপি কথা বলছে, সেই ভাষা ইঙ্গিত দেয় তারা দেশে একটি সহিংসতা, নাশকতা করতে চায়। সেটি করতে কাউকে দেওয়া হবে না। আমি আওয়ামী লীগ নেতা হিসেবে বলছি, আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে কীভাবে কাকে মোকাবিলা করতে হয়, সেটি আমরা জানি।
সূত্র : বাসস