× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্নিকাটের ওপর হামলা

সম্পূরক চার্জশিটে ছাত্রলীগ নেতাসহ ৯ জন আসামি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ২১:২৩ পিএম

সম্পূরক চার্জশিটে ছাত্রলীগ নেতাসহ ৯ জন আসামি

রাজধানীর মোহাম্মদপুরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনার পাঁচ বছর পর ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রবিবার (১ অক্টোবর) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই এশারত আলী চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ৯ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছেন। আগামী বুধবার মামলাটির সম্পূরক প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য আছে। 

সম্পূরক অভিযোগপত্রে ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান রাসেল, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহীদুল আলম খান কাজল, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ইশতিয়াক মাহমুদ সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক। নাইমুল হাসান রাসেল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি। মীর আমজাদ মোহাম্মদপুর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও শহীদুল আলম খান কাজল শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের ‍যুবক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। অন্য আসামিরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

এর আগে ২০২১ সালে পুলিশ আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। ওই অভিযোগপত্রে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মোজাহিদ আজমের নাম ছিল। ওই বছরই তিনি মারা যান। 

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে কিল-ঘুসি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় বদিউল আলম মজুমদার মামলা করেন। চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার গাড়িবহরে হামলার ৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার জানতে চিঠি দিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা