× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রতিনিধিরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব : তাজুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য আয়োজিত ‘সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য আয়োজিত ‘সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো

জনপ্রতিনিধিরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, পৃথিবীর সব উন্নত দেশের উন্নয়নের ইতিহাস জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয় সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে। মানুষের কল্যাণে জনপ্রতিনিধিরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব।

শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য আয়োজিত ‘সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বাগত বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

এ সময় বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘আপনারা যারা আজকে এখানে উপস্থিত তারাই আপনাদের এলাকার মানুষ এবং তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন। সেই সমস্যার সমাধানে উদ্ভাবনের মাধ্যমে মানুষের অংশগ্রহণে নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যারও বেশ সহজ সমাধান বের করে ফেলতে পারে।’

স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায়ের কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, মানুষ যদি তাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করে তাহলে কর প্রদানে উৎসাহিত হয়। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে।

মানুষের অপার শক্তির ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ছোট্ট এবং জনবহুল বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে মানবসম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের শক্তির ওপর বিশ্বাস রাখেন। সেজন্যই তিনি দারিদ্র্যপীড়িত একটি দেশকে আজকে বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত করতে পেরেছেন। উন্নয়নশীল বিশ্বের কাতারে সম্মানের সঙ্গে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে পেরেছেন।

জনগণের ইচ্ছায় এবং জনপ্রতিনিধিদের দ্বারা শাসন ব্যবস্থাকেই গণতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, তবে সেই জনপ্রতিনিধিদেরও বিভিন্ন বিষয়ে জানার দরকার রয়েছে বলেই আজকের এই প্রশিক্ষণ। সময়ের সঙ্গে মানুষের এবং চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় নানা আইনের পরিবর্তন হয় এবং সে বিষয়ে জনপ্রতিনিধিদের ধারণা থাকতে হবে।

এ প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আশা করি খুলনার বিভিন্ন এলাকার কাউন্সিলরগণ তাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধানের তড়িৎ ব্যবস্থা নিতে পারবেন। এই প্রশিক্ষণের ফলে তারা নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরও বেশি উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র। তিনি এ সময় ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণের আরও বেশি আয়োজন করার আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এ সময় বলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সাধারণত তিন দিনব্যাপী এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করলেও এবার তা পাঁচ দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আপনারা খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলরগণ রাজশাহী সিটি করপোরেশন পরিদর্শনে  যাবেন এবং সেখান থেকে নাগরিক সেবায় কোনো ব্যবস্থা ভালো থাকলে তা আয়ত্ত করে নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এ প্রশিক্ষণ কাউন্সিলরগণের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুকে শত নির্যাতন জেল-জুলুম দিয়েও বাঙালির স্বাধিকার আন্দোলনের পথ থেকে বিচ্যুত করা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা