প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৪ পিএম
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের টুইটার থেকে নেওয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ২৪ ঘণ্টার সফরে ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।
ঢাকায় নামার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে লাভরভ সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসে মোমেনের সঙ্গে একান্তে বৈঠক করেন। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রতিনিধিদল নিয়ে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশের প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন ল্যাভরভ। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।
ল্যাভরভ বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অংশীদার বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকসহ সর্বস্তরে সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া।
কূটনৈতিক সূত্রে জানা যায়, এক দিনের সফর শেষে শুক্রবার বিকালে ঢাকা ত্যাগ করবেন সের্গেই ল্যাভরভ। ঢাকা থেকে সরাসরি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরের দুইদিন পর ঢাকায় আসছেন পশ্চিমা বিশ্বের আরেক শক্তিশালী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ইমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন এবং তার দেওয়া ভোজসভায় যোগ দেবেন। দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিদায় জানাবেন।