× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ বছর নয়, প্রয়োজনে জীবনভর সংগ্রাম করব : আদিবাসী পরিষদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১২ পিএম

রাজধানীর শাহবাগে জাতীয় আদিবাসী পরিষদের লড়াই-সংগ্রামের ৩ দশক (১৯৯৩-২০২৩) উদযাপন উপলক্ষে সমাবেশ। প্রবা ফটো

রাজধানীর শাহবাগে জাতীয় আদিবাসী পরিষদের লড়াই-সংগ্রামের ৩ দশক (১৯৯৩-২০২৩) উদযাপন উপলক্ষে সমাবেশ। প্রবা ফটো

‘আমাদের ন্যায্য অধিকারের জন্য ব্রিটিশ শাসনামলে লড়েছি, স্বাধীনতার জন্য পাকিস্তান শাসনামলে আমরা লড়েছি। বর্তমান সময়ে আমাদের অধিকারের জন্য ত্রিশ বছর (তিন দশক) ধরে লড়ছি। শুধু ত্রিশ বছর নয়, প্রয়োজন হলে আমরা জীবনভর সংগ্রাম করব আমাদের অধিকার আদায়ের জন্য। দরকার হলে জীবনও দেব।’

রবিবার (৩ মেপ্টেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় আদিবাসী পরিষদের লড়াই-সংগ্রামের ৩ দশক (১৯৯৩-২০২৩) উদযাপন উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সমাবেশ শুরুর আগে সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম থেকে শাহবাগ চত্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তারা। 

সমাবেশে বক্তারা বলেন, ‘ক্ষমতায় যে সরকারই আসে তারা আমাদের ব্যবহার করে। আমরা আর ব্যবহার হব না, আমরা লড়াই করব। আমরা পাকিস্তান থেকে লড়াই করে যেমনি স্বাধীন হয়েছি তেমনি এখনো লড়াই করব। আমরা আমাদের জমিতে চাষ করতে পারি না। আমরা নিজেদের ভূমি কমিশন তৈরি করব। বর্তমান সরকার উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা আমাদের উন্নয়ন দেখতে পাই না। আমরাও উন্নয়ন চাই, সেগুলো হলো- আমাদের ভূমি সমস্যার সমাধান, চাকরিতে আমাদের কোটা নিশ্চিতকরণ। আমাদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষার সুবিধা নিশ্চিতকরণ।’

সমাবেশে আদিবাসী সমিতির উপদেষ্টা আরিফ খান ইউসুফ জাই বলেন, আজকে একা একা লড়াই করে আমরা আমাদের দাবি আদায় করতে পারব না। আমাদেরকে হাতে হাত ধরে লড়াই করতে হবে। আমরা যখন এক হব, তখনই আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারব। আমরা শাসক গোষ্ঠীদের বাধ্য করতে পারব। আমরা ঐক্যের ডাক, শান্তির ডাক দিচ্ছি।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, বাংলাদেশ ফুলের মতো সুন্দর একটি দেশ, দুর্ভাগ্যের বিষয় আজকে স্বাধীনতার ৫২ বছর পর এসে বিদেশের পত্রিকায় খবর হয় স্বৈরতান্ত্রিক দেশ বলে। আদিবাসী সংগ্রামের তিন দশক, আর বর্তমান সরকারের ১৫ বছর হলো। আগে ক্ষমতায় এসে বর্তমান সরকার শান্তি চুক্তি করেছিল কিন্তু সেই চুক্তির ন্যূনতম শর্ত ভূমি কমিশন গঠন করা হয়নি। আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ হয় তাহলে অবশ্যই আদিবাসীসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দাবি বাস্তবায়ন হবেই হবে। 

সভাপতির বক্তব্যে পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আমাদের অনেক সাথীকে হারিয়েছি। আজকে তারা আমাদের সাথে নেই। আমরা সেই ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তাদের এই আন্দোলনকে বৃথা যেতে দিতে পারি না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাই, আগামী দিনের যে লড়াই, জীবনের লড়াই, অধিকারের লড়াই সেই লড়াই যত কঠিনই হোক না কেন আমরা চালিয়ে যাব।

আদিবাসীদের দাবিসমূহ: সকল আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন; সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা পুনর্বহাল এবং উচ্চ শিক্ষার আদিবাসীদে কোটা বাস্তবায়ন; গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার, রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার; পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনতিবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন এবং সারা দেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশী হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ-দূর্নীতি বন্ধ করতে হবে। 

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদের মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্ৰ হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা বিভাগের সভাপতি হরেন্দ্রনাথ সিং, জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি ডা. ফিলিমন বাস্কে, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বাবু, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সভাপতি রুঘুনাথ এক্কা, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি আশিক বানিয়াস, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি বিমল খালকো, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সদস্য সচিব মার্টিন মুরমু, বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি সভাপতি বিশ্বনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান ও সাধারণ সম্পাদক তরুন কুমার মুজা বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রম পরিষদ এর সভাপতি অলিক মৃ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জগদ্বীশ চাকমা, সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ো, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল প্রমুখ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা