প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭ পিএম
রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে প্রধানমন্ত্রী ও ছোটবোন শেখ রেহানা হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি : বাসস
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজনে সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর কাওলা অংশ থেকে টিকিট কেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেটে নামেন সরকারপ্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান।
সেখান থেকে বিকাল চারটার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে পৌঁছান শেখ হাসিনা। এরপর তিনি মঞ্চে ওঠেন। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশে যোগ দিয়েছেন সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এ ছাড়া সরকারের সচিব ও বিভিন্ন পর্যায়ের আমলারাও এই সমাবেশে অংশ নিয়েছেন।
সরকারের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে সুধী সমাবেশে যোগ দিয়েছে আওয়ামী লীগ ও এর প্রতিটি ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে সব সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, রাজধানী ও এর আশপাশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হন।