প্রবা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৯:১৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ২০:১৬ পিএম
২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ১৬০ ভোট পায় বাংলাদেশ।
নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি হয়।
ভোটের ফল মানবাধিকার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। দেশগুলো হলো—আলজেরিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।
মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ১৮৯টি ভোটের মধ্যে ১৬০ ভোট পেয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ। এ অঞ্চলে বাংলাদেশসহ মোট ৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচিত হয়েছে ৪টি দেশ। বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো মালদ্বীপ (ভোট ১৫৪টি), ভিয়েতনাম (১৪৫ ভোট) ও কিরগিজস্তান (১২৬ ভোট)।
৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার পরিষদে সদস্য হিসেবে চারবার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এবারের জয়ে বাংলাদেশ পঞ্চমবারের মতো সংস্থাটির সদস্য নির্বাচিত হলো।
প্রবা/আরএম/ এমআই