প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৪:১৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১৬:০২ পিএম
পেরুতে সবজিবাগানে কাজ করছেন এক নারী।ছবি : সংগৃহীত
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা বিশ্ব ক্ষুধা সূচক, ২০২২-এ ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। মোট ১০০ স্কোরের মধ্যে ১৯ দশমিক ৬ স্কোর নিয়ে বাংলাদেশ মাঝারি সারিতে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জিএইচআইয়ের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক মানবিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও এর অংশীদার ওয়েল্টহাঙ্গারহিলফ যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
বিশ্ব ক্ষুধা সূচকে কারও স্কোর শূন্য হলে বুঝতে হবে সেখানে ক্ষুধা নেই। আর স্কোর ১০০ হওয়ার অর্থ সেখানে ক্ষুধার মাত্রা সর্বোচ্চ।
প্রতিবেদনে বলা হয়েছে—স্কোর শূন্য থেকে ৯ দশমিক ৯ পর্যন্ত শ্রেণিভুক্ত দেশগুলোয় ক্ষুধা পরিস্থিতি কম তথা নিম্নস্তরে, ১০ থেকে ১৯ দশমিক ৯ পর্যন্ত মাঝারি স্তর, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ পর্যন্ত উদ্বেগজনক এবং ৫০ থেকে ১০০ পর্যন্ত শ্রেণিভুক্ত দেশগুলোয় ক্ষুধা মারাত্মক উদ্বেগজনক পর্যায়ে।
অপুষ্টির মাত্রা, পাঁচ বছরের কম বয়সি শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সি শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। বৈশ্বিক, আঞ্চলিক বা জাতীয়—যেকোনো পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ণয় করতে এ সূচকগুলো ব্যবহার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ভারত, আফগানিস্তানসহ ৩৫টি দেশে ক্ষুধার মাত্রা মারাত্মকভাবে দেখা গেছে। সূচকে ভারতের অবস্থান ১০৭তম, পাকিস্তান ৯৯তম, মিয়ানমার ৭১তম আর আফগানিস্তান আছে ১০৯তম অবস্থানে।
জিএইচআই-২০২২ অনুসারে, বিশ্বের ৪৪টি দেশ উদ্বেগজনক মাত্রায় ক্ষুধায় ভুগছে। বিশ্বে ক্ষুধার মাত্রা এখন বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।
জিএইচআই, ২০২১-এ ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম। ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ১।
২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। ২০১৯ সালে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম এবং ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ৮৬তম।
প্রবা/এইচকে/জেও