প্রবা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ২২:৪০ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১১:১৫ এএম
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) আবার সদস্য হলো বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে সোমবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত ভোটাভুটিতে সর্বাধিক ১৬০ ভোট পেয়ে বাংলাদেশ পঞ্চমবারের মতো এ সম্মাজনক পদে নির্বাচিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এদিকে ইউএনএইচআরসির ওয়েবসাইট জানায়, ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। বাকি দেশগুলো হলো--আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য ইউএনএইচআরসির সদস্য বরাদ্দ ছিল চারটি। লড়েছে সাতটি দেশ। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়েছে বাংলাদেশ। ভোট দিয়েছে ১৮৯টি দেশ। এ অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো মালদ্বীপ (১৫৪ ভোট), ভিয়েতনাম (১৪৫ ভোট) ও কিরগিজস্তান (১২৬ ভোট)।
৪৭ সদস্যের ইউএনএইচআরসিরে ইতঃপূর্বে ২০০৬, ২০০৯, ২০১৪ এবং ২০১৮ সালেও সদস্য ছিল বাংলাদেশ। তবে মানবাধিকার নিয়ে বর্তমানে আন্তর্জাতিক চাপে থাকা বাংলাদেশের জন্য এবার ইউএনএইচআরসির সদস্য হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গত সোমবার অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রবা/টিএ/ এমআই