প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৭:১৭ পিএম
বাংলাদেশ সরকারের আম কূটনীতিতে ‘আম্রপালির’ স্বাদ পেল স্পেন, দক্ষিণ-পশ্চিম ইউরোপের রাষ্ট্র অ্যান্ডোরা ও মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি (আগে স্প্যানিশ উপনিবেশ ছিল)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেশের রাষ্ট্র, সরকারপ্রধান, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ‘আম্রপালি’ আম উপহার হিসেবে পাঠিয়েছেন। কেন্দ্রীয় প্যাকিং হাউজের উপপরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮-১৯ জুলাই স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আমগুলো গ্রহণ করে তিন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পৌঁছে দিয়েছে বলে জানা গেছে।
দূতাবাস সূত্র জানায়, উপহারের আমগুলো বিশেষ করে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিন দেশের সরকার প্রধান ছাড়াও স্পেনে বন্ধুপ্রতীম দেশগুলোর রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকে উপহারের এসব আম দেওয়া হয়।
খালিদ সাইফুল্লাহ বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় প্যাকিং হাউজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এসব আম পাঠানো হয়েছে। তবে পরিমাণটা বলা যাচ্ছে না।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন, এই স্মারক উপহার স্পেনসহ তিন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সংহতকরণে ভূমিকা রাখার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বৃহত্তর পরিসরে বাংলাদেশ ব্র্যান্ডিং হবে। বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে।