× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমা নয়, আজ মর্ত্যের দেবীর পূজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:২৬ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৬:১৫ পিএম

ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মঠে সোমবার কুমারী পূজা। ছবি: প্রবা

ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মঠে সোমবার কুমারী পূজা। ছবি: প্রবা

সৃষ্টি-স্থিতি-লয়—এই ত্রিবিধ শক্তি বীজ আকারে কুমারীতে ‘নিহিত’। সেই বিশ্বাস থেকেই দেবী দুর্গার কুমারীরূপের আরাধনা করেন ভক্তরা। নারীত্বের বন্দনায় আবারও ধ্বনিত হল, ‘নারী ভোগ্যা নয়, পূজ্যা’।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার রামকৃষ্ণ মঠে বেলা ১১টায় শুরু হয় কুমারীপূজা। তবে ভক্তদের ভিড় ছিল আরও আগে থেকে। এবার কুমারীর নাম দেবদৃতা চক্রবর্তী শ্রেষ্টা। তার বাবার নাম প্রণয় চক্রবর্তী আর মা প্রিয়াংকা চক্রবর্তী। শ্রেষ্ঠা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

যোগিনীতন্য, কুলার্বতন্য, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্রনাম, তন্যসার, প্রাতোষিনী, পুরোহিত দর্পণ—হিন্দুশাস্ত্রের এসব ধর্মীয় গ্রন্থে কুমারীপূজার পদ্ধতি ও মাহাত্ম্য বিশদভাবে রয়েছে।

তন্ত্রসারমতে, ‘১ থেকে ১৬ বছর পর্যন্ত বালিকারা কুমারীপূজার উপযুক্ত। তাদের অবশ্যই ঋতুমতী হওয়া চলবে না।’

কুমারীপূজায় নারীত্বের বন্দনা

মেরুতন্ত্রে বলা আছে, ‘সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যা, যশোলাভের জন্য ক্ষত্রিয় কন্যা, ধনলাভের জন্য বৈশ্য কন্যা ও পুত্রলাভের জন্য শূদ্রকুলজাত কন্যা কুমারীপূজার জন্য যোগ্য।”

১৯০১ সালে ভারতীয় দার্শনিক ও ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম কলকাতার বেলুর মঠে কুমারীপূজার মাধ্যমে এর পুনঃপ্রচলন করেন। তখন থেকে প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশন ও মঠে এ পূজা চলে আসছে।

নববস্ত্র পরিহিতা হয়ে কুমারী দেবী আসেন বিল্বপত্র, পুষ্পাসনে আসীন হয়ে। তার হাতে ফুল, কপালে লাল সিঁদুর এবং পায়ে আলতা। যেহেতু কুমারীর বয়স ছয় বছর, তাই তার নামকরণ হয়েছে উমা।

এর আগে সকাল সাড়ে ৬টায় মহাঅষ্টমী পূজা শুরু হয়। রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ কুমারীপূজার মাহাত্ম্য বিষয়ে বলেন, ‘আমাদের নারীদের ওপর অত্যাচার যেন কম হয়, সেজন্য আমরা কুমারীরূপে মায়ের আরাধনা করেছি। আমাদের সকলের মধ্য থেকে আসুরিক ভাব দমন এবং একই সঙ্গে দৈবশক্তি তথা মাতৃশক্তি জাগরিত হোক—এটাই মূল কথা।’

অষ্টমীতে আগের তুলনায় বেশি ভিড় হয়েছে বলে জানিয়েছেন হিন্দু নেতারা।  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বলেন, গত দিনের তুলনায় ভিড় বেড়েছে মাত্রাতিরিক্ত। নিরাপত্তাও বেশ আছে। সরকার আন্তরিকতার সঙ্গেই সবকিছু দেখছে। তাছাড়া সামনে নির্বাচন আছে। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক তা সরকারও চাইবে না। তবে, একটা উৎসব হবে সেখানে তো সরকারিভাবে পাহারা থাকার কথা না। কিন্তু পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নিতে হয়েছে। দেখা যাক আগামী দুই দিন কি হয়।

পূজা খুব ভালোভাবে উদযাপিত করছেন বলে জানান পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। তিনি বলেন,  বৃষ্টি হলেও এর মাঝেই মানুষ মণ্ডপে আসছে। মাত্রাতিরিক্ত ভিড় হয়েছে। বনানী পূজামণ্ডপে পাঁচ দফা অঞ্জলী দিতে হয়েছে। আশার কথা, এখনও কোথাও থেকে কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার পড়ছে মহানবমী। হিন্দুশাস্ত্রমতে নবমী হলো আসুরিক শক্তি বধে বিজয়ের দিন। পরদিন বুধবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র-কন্যাসহ কৈলাসে ফিরবেন নৌকায় চেপে। 

শাস্ত্রমতে, সপ্তমী বা দশমী বুধবার হলে দেবীর আসা বা যাওয়া নৌকায়। ফল ‘শস্য বুদ্ধিস্তথাজলম’ অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। নৌকায় মনোকামনা পূর্ণ হওয়া সূচিত হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য-শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়।

এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব, যা গত বছরের চেয়ে ৫০টি বেশি। ঢাকা মহানগরে এবার পূজার সংখ্যা ২৪২, যা গত বছরের থেকে ৬টি বেশি

প্রবা/টিকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা