প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৫:৪৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৬:২৯ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : বাসস
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার (২৩ জুন) সৌদি আরব যাবেন। বুধবার (২১ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি শুক্রবার বিকালে সৌদির রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩১) রাষ্ট্রপতি, স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে দুপুর ২টা ৩০মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন।’
তিনি আরও বলেন, ’সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রতি। সেখানে তিনি আল-সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন।’
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ’হজ ও জিয়ারত পালন শেষে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩৮) ২ জুলাই ঢাকার উদ্দেশে রওনা হবেন।‘
সূত্র : বাসস।