প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২১:৩৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩ ২২:০২ পিএম
রেলের টিকিট। সংগৃহীত ফটো
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে যাত্রাপ্রত্যাশীদের জন্য অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ জুন) বিক্রি হয় ২৫ জুনের যাত্রার টিকিট। এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। রেলওয়ের টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কাটতে গিয়ে অনেকে টাকা পরিশোধের সময় সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা অভিযোগ করেছেন, টাকা কেটে নিলেও টিকিট পাননি তারা।
এ দিন সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। দুপুর ১২টায় শুরু হয় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। টিকিট বিক্রি শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ আনেন তারা।
কয়েক লাখ সদস্যবিশিষ্ট রেলযাত্রীদের ফেসবুক গ্রুপ বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন। সেখানে যাত্রীরা জানান, টিকিটের টাকা পরিশোধ করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েন। আবার অনেকের টাকা কেটে নেওয়ার পরও পেমেন্ট ফেইলর দেখাচ্ছে।
অভিযোগকারীদের একজন আবু হুরাইরা। তিনি ফেসবুক গ্রুপে লেখেন, ‘চারটা সিট কনফার্ম করে বিকাশে টাকা পেমেন্ট করছিলাম। টাকা কেটে নিল ঠিকই কিন্তু পেমেন্ট ফেইল্ড দেখাইল। সিট না পাওয়াটা কোনো ব্যাপার না। টাকাও কি ফিরে পাব না?’
আনোয়ার হোসেন নামে আরেক যাত্রী লেখেন, ‘আমি আজ ১২টা ৩ মিনিটে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ঢাকা-তারাকান্দির টিকিটের নগদ গ্যাটওয়ে দিয়ে পেমেন্ট করেছি। একাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু এখনও টিকিট পাইনি। রেলওয়ের মেইলে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। এখন কী করতে পারি?’
সাগর আহম্মেদ বলেন, ‘টিকিটের পেমেন্ট করতে গেলে একটা পেজ আসে। পেমেন্ট করা যাচ্ছে না। এখন করণীয় কী?’
এ বিষয়ে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ সিনেসিস ভিনসেন জেভির ভাইস প্রেসিডেন্ট (বিজনেস) জুবায়ের আহমেদ বলেন, ‘সাধারণত টাকা কেটে নিলে পেমেন্ট ফেইলর দেখানোর কথা না। তারপরও যদি এমন হয়ে থাকে আমাদের অ্যাপে অভিযোগ করার জন্য একটা অংশ আছে, সেখানে অভিযোগ করলে তারা তাদের সমস্যার সমাধান পাবে।’
তিনি জানান, ঢাকা থেকে রেলের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের মোট টিকিট রয়েছে ২৮ হাজার ৬৪০টি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত মোট ২৪ হাজার ২০১টি বিক্রি হয়েছে। সারা দেশে ৩৫ হাজার ৬৯৭টি টিকিট বিক্রয় হয়েছে।
আর বুধবার ২৪ জুনের যাত্রার জন্য ঢাকা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের মোট বরাদ্দ টিকিট ছিল ২৭ হাজার ৩৮১টি। এর মধ্যে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত মোট ২২ হাজার ৮৯০টি টিকিট বিক্রয় হয়। এর মধ্যে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের মোট টিকিট বিক্রয় হয় ১২ হাজার ৭১৭টি আর পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রয় হয় ১৪ হাজার ৬৬৪টি। বুধবার আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদে আসনবিহীন টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রার দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। এ ছাড়া কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা সেনানিবাস স্টেশন থেকে তিন জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।