প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২১:২৯ পিএম
ওবায়দুল কাদের। ফাইল ছবি
সড়ক আইন অমান্য করে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপিরাও যেন রং সাইড দিয়ে যেতে না পারেন সে জন্য পুলিশকে আপোষহীন হওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৫ জুন) বনানীর বিআরটিএ’র সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় হাইওয়ে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রং সাইডে যাওয়ার প্রবণতা কমে গেছে। আগে আমাদের অসাধারণ ব্যক্তিরা বা ভিআইপিরা রং সাইডে যেতেন। আমি কিছু ভিজিট টিজিট করার পরে তারা লজ্জা পেতেন। রং সাইডটা যানজটের অন্যতম প্রধান কারণ। আমি একজন মন্ত্রী, পার্টির সেক্রেটারি। আমি রং সাইড দিয়ে যাচ্ছি অথবা সম্মানিত ব্যক্তি হিসেবে আমাকে রং সাইড দিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রং সাইড দিয়ে যেতে দেওয়ার প্রবণতা পুলিশের মধ্যেও আছে। যতো গুরুত্বপূর্ণ ব্যক্তিই হোক, কোনো আপোষ করবেন না।
তিনি বলেন, সিগনালে দাঁড়ানো ৫ হাজার মানুষ দেখবেন, যাদের মাথায় হেলমেট আছে। আর একঝাঁক দেখবেন যাদের মাথায় হেলমেট নাই। বুঝতে হবে তারা পলিটিক্সের লোক। সাধারণ মানুষ সঠিকভাবেই আইন মেনে চলে।
ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় দুর্ঘটনা, মানুষ মারা যাওয়া এটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। তাই আমাদের সবার সম্মিলিত চেষ্টায়, সবার উদ্যোগে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে করে দুর্ঘটনা না ঘটে।সড়কে দুর্ঘটনার জন্য মোটরসাইকেল অনেকাংশেই দায়ি। এক সিগন্যালে দাঁড়ালেই দেখা যায় হাজার হাজার মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা বাড়ে। দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে।ঈদ যাত্রার সময় বৃষ্টির মৌসুম তাই সড়কে কোথাও খানাখন্দ দেখা দিলে রোডস অ্যান্ড হাইওয়েকে জরুরিভাবে দেখতে হবে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সড়ক ঠিক করতে হবে। যাদের দায়িত্বে এটা আছে তারা সঠিকভাবে দায়িত্ব না নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবহন মালিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের আগে পরে সাত দিন সারা দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।