প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ২৩:৫১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩ ১১:৫৫ এএম
ফাইল ছবি
বকেয়াসহ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১২ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার তৌফিক ইনাম এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলরের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাংগীর আলম।
চাঁদপুরের ১৪৯ জন জেলা ও জেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও তাদের গেজেটভুক্ত না করা এবং তাদের চলমান ভাতা হঠাৎ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে ২০১৬ সালে তারা পৃথক পাঁচটি রিট আবেদন করেন।
২০১৯ সালের ডিসেম্বর মাসে রিটগুলোর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা স্থগিত করার তারিখ থেকে (২০১৫ সালের জুলাই) বকেয়া মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নির্দেশনা দেন এবং তাদের নাম গেজেটভুক্ত করার আদেশ দেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পৃথক পৃথক আপিল করেন। আপিল শুনানি শেষে সোমবার আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায়ের আংশিক সংশোধনসহ বহাল রাখেন এবং রিট আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতাসহ ভাতা অব্যাহত রাখার নির্দেশ দেন। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাছাই করে গেজেট বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে নির্দেশ দেন।