প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৩:৫৩ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ১৪:৫৭ পিএম
মার্সা বার্নিকাট। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত রবিবার (৭ মে) এ তারিখ ধার্য করেন।
এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত তারিখ ছিল। তবে ডিবি প্রতিবেদন না দেওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সর্বশেষ গত ৪ ডিসেম্বর ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এদের মধ্যে সাক্ষী ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। গত ২৭ ডিসেম্বর আদালত মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার সিএমএম আদালতে পাঠান।
মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ১৯ জনকে সাক্ষী করা হয়।
২০২২ সালের ১ মার্চ নয় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে উল্লিখিত আসামিরা হলেন- নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মো. সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খাঁন কাজল, তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ আজমি তান্না, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি।