শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৩:৪০ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ১৪:১০ পিএম
ভিডিও কনফারেন্সে খাদ্য বিভাগের কর্মকর্তারা। প্রবা ফটো
শেরপুর জেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৩৩ হাজার ১৮৮ মেট্রিক টন বোরো ধান ও চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকারের খাদ্য বিভাগ। রবিবার (৭ মে) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক জানান, ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩০ টাকা কেজি দরে আট হাজার ৪৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ করা হবে ৭৭টি হাস্কিং এবং ২১টি অটো মিল থেকে। এছাড়া কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।
তিনি জানান, বিগত বছরগুলোতে যেসব মিল চাল সরবরাহ করেনি, এ বছর তাদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে না।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য সচিব ইসমাইল হোসেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্প দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম প্রমুখ।