আচরণবিধি লঙ্ঘন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৩২ পিএম
আজমত উল্লা খান। সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লা খানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৩০ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, ’আজমত উল্লা খানকে সশরীরে নির্বাচন কমিশনে এসে ব্যাখ্যা দিতে হবে।’
এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মুক্তিযুদ্ধমন্ত্রীকে সতর্ক করেছে ইসি।
পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদককেও অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ’নির্বাচনী এলাকায় আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও সূত্রে তথ্য এসেছে। ইসি থেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরও প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ’যারা সরকারে থাকেন, তাদের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ থাকে। তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি বেশি, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকারি দলের দায়িত্ব অনেক বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেব। যেন যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা অনুরোধ রাখেন এবং আচরণবিধি যেন লঙ্ঘন না করেন।’
দলীয় সংসদ সদস্য ও মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা জানাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছেও ইসি চিঠি দেবে বলে জানান কমিশনার মো. আলমগীর।