প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:৪৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:০৯ পিএম
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ট্রান্সপোর্ট সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার শৌমিক রাজ মেহ্নদিরত্তর বিদায়ি সাক্ষাৎকার
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের অটোমেশন, ডিজিটালাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ট্রান্সপোর্ট সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার শৌমিক রাজ মেহ্নদিরত্ত বিদায়ি সাক্ষাৎকারে এ সহযোগিতার আশ্বাস দেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের আওতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বেনাপোল, বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরগুলোর অটোমেশন, ডিজিটালাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা আমরা যৌথভাবে সমাধান করেছি। বিশ্বব্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি আশা করেন ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব স্থলবন্দর অটোমেশন করার নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে তিনি বিশ্বব্যংকের সহযোগিতা কামনা করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. রফিকুল ইসলাম খান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার এরিক নোরা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর দিলশাদ দোসানি, ট্রান্সপোর্ট স্পেশালিস্ট বিকেএম আশরাফুল ইসলাম ও নুসরাত নাহিদ ববি উপস্থিত ছিলেন।