গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ০৮:৫২ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১১:৫৩ এএম
আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল। প্রবা প্রবা
কুয়াশাচ্ছন্ন মাঘের প্রথম সকালে শীত উপেক্ষা করে হাজারো মানুষ প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠের উদ্দেশে রওনা হয়েছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নেমেছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় শেষ হবে আখেরি মোনাজাত।
আজ সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা মোহাম্মদ জোবায়ের।
১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে মুসল্লিরা মোনাজাতে অংশ নিতে ছুটে আসছেন। এ ছাড়াও তুরাগ নদ দিয়ে নৌকা ও ট্রলারে আসছেন হাজার হাজার মুসল্লিরা। কিছু মুসল্লিরা পিকআপ রিজার্ভ করেও আসছেন ময়দানে, তবে তারা টঙ্গী কলেজ গেটের পর পার হতে পারছেন না।
পায়ে হেঁটে বিশ্ব ইজতেমার উদ্দেশে রওনা দিয়েছেন মুসল্লিরা। ছবি: প্রবা
গাজীপুরের বিভিন্ন উপজেলা, ময়মনসিংহ, ভালুকা, নরসিংদী ও ঢাকা থেকে সকাল হতে ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা।
আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লি সাত্তার পাটোয়ারী বলেন, ভালুকা হতে রাতে রওনা হয়েছিলাম। সকাল পৌনে আটটায় টঙ্গী পৌঁছেছি। রাতে রওনা হয়েও ১০ কিলোমিটার হাঁটতে হয়েছে।
পোশাক কারখানার শ্রমিক মিজান বলেন, আমাদের কারখানা আজ ছুটি। আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা হয়েছি। ১৩ কিলোমিটার হেঁটে টঙ্গীর এই মিলগেটে অবস্থান নিলাম।
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীরা তো ছিলেনই, শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসতে থাকেন শনিবার থেকেই। বাস, ট্রাক, মিনিবাস, কার, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারে করে এসে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন। রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় এড়াতে শীত, কুয়াশা ও নানা ঝামেলা উপেক্ষা করে রাতেই টঙ্গীমুখো হন। নিরাপত্তার স্বার্থে এর আগে শনিবার মধ্যরাত থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করবেন।
গত শুক্রবার ফজর বাদ আম বয়ানের মধ্য দিয়ে এ বিশ্ব ইজতেমা শুরু হয়। মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। এরই মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা আগত মুসল্লি দিয়ে পূর্ণ হয়ে গেছে।
আখেরি মোনাজাতে নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে পুলিশ মোতায়েন করা আছে। মুসল্লিরা যেন খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারে তার জন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।