জুলাই হত্যাকাণ্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হবে, তবে তা হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী।
তিনি সতর্ক করে বলেন, অতীতে স্বৈরাচার বিচারের নামে অবিচার করেছে; সেই ভুল যেন নতুন বাংলাদেশে আর না ঘটে। প্রয়োজন হলে বিচারপ্রক্রিয়ায় সময় লাগুক, তবু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়; এটি সমগ্র জাতির অর্জন।
দল-মত নির্বিশেষে মানুষ যে সাহস ও আত্মত্যাগের মাধ্যমে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছে, তাদের সেই ত্যাগকে যথাযথ সম্মান জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের অগ্রগতির জন্য বিভাজন নয়, জাতীয় ঐক্য প্রয়োজন।
যারা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের সবাইকে একসঙ্গে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে তার পরিবার ও সহকর্মীরা নির্যাতন, প্রাণহানি এবং অঙ্গহানির শিকার হয়েছেন। তবু প্রতিশোধের পথ নয়, দায়িত্বশীল নেতৃত্বই ভবিষ্যতের পথ।
তিনি বলেন, যদি আমার মাকে জিজ্ঞেস করা যেত প্রতিশোধ নেওয়া উচিত কি না, তিনি (খালেদা জিয়া) বলতেন, প্রতিহিংসা নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এক্ষেত্রে তার ভাইও (আরাফাত রহমান কোকো) একই পরামর্শ দিতেন।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য, যেখানে প্রতিটি মানুষ ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতভাবে ভোগ করতে পারবে।