ইউএনবি
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
প্রতীকী ছবি/ইউএনবি
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
বিকিউ-৯৩৫ ফ্লাইটটিকে শুক্রবার সন্ধ্যায় জরুরি অবতরণ করান পাইলট।
ফ্লাইটে যাত্রীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে কক্সবাজারের উদ্দেশে উড়াল দেয়।
বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির নিজেই।
তিনি জানান, উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পরই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পাইলট বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্রায় ৪৫ মিনিট আকাশে থাকার পর বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
উপদেষ্টা বলেন, 'আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি ঢাকায় ফিরে আসেন, তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি ও যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।'