ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি/ বাসস
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে মঙ্গলবার রাতে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি এখন তা সুসংহত করার সময় এসেছে। এ প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য “গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়” অত্যন্ত সময়োপযোগী বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি ও ফাইভ-জি প্রযুক্তির মতো বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পাশাপাশি কর্মমুখী ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ, গবেষণার সংস্কৃতি শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও উদ্ভাবনে গুরুত্বারোপ করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশ-বিদেশে কর্মরত অ্যালামনাইদের শিক্ষা ও গবেষণার উন্নয়নে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল চর্চার পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানসিক স্বাস্থ্য, পরিবেশ সচেতনতা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের বৈশ্বিক কর্মবাজারে দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
বার্তার শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।