বিবিসি বাংলা
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৫১ মিনিট আগে
জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বিবিসি বাংলা
অনলাইন জুয়া, বেটিং ও ম্যাচ ফিক্সিংসহ সব ধরনের জুয়া নির্মূলে কঠোর বিধান রেখে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ পাস হয়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর আগে বিলটির ওপর সংসদ সদস্যদের আনা বেশ কিছু সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। গত ২৩শে জুন বিলটি সংসদে উত্থাপন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে এটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
নতুন এই আইনে জুয়া, অনলাইন জুয়া, বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের কার্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী বিলে ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।
ওই আইনে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জুয়ার লেনদেন হলে সেটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় হবে। সেই সঙ্গে অ্যাপস, ওয়েবসাইট বা স্যোশাল মিডিয়া ব্যবহার করে জুয়া হলেও সেটাও ওই আইনে অপরাধ হবে।