প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশু স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, দেশের ৩৪% পপুলেশন হচ্ছে শিশু। এই শিশুদের চিকিৎসা দিতে শুধু ঢাকায় নয় দেশের প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে। বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। আজ (মঙ্গলবার) দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এই ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।
অনুষ্ঠানে মন্ত্রী জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যানসার, লিভার সিরোসিস এবং স্ট্রোক প্যারালাইসিসে আক্রান্ত ৪০ জন শিশুর অভিভাবকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকার চেক তুলে দেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।