প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিয়ে এক সেমিনারে বক্তব্য দেন বিএফএসএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার বা কর্তৃপক্ষ একা দেশের সবার খাবার নিরাপদ করতে পারবে না। এটা সম্মিলিত প্রয়াস। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সবার অংশগ্রহণ জরুরি।
ঢাকার কেরানীগঞ্জে “নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা” শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এসটিআইআরসি প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মো. আনোয়ারুল ইসলাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কর্তৃপক্ষের সচিব শ্রাবস্তী রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম।
এর আগে কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল মঞ্চে সেই প্রতিযোগিতারই সমাপনী ও চূড়ান্ত পুরস্কার বিতরণ করা হয়।
সেমিনারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বাস্তবমুখী চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার।
বক্তারা টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে আইনের প্রয়োগের পাশাপাশি উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত সর্বস্তরের মানুষের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল ইসলাম এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী মেহেরুন।
তারা খাদ্য নিরাপত্তার মতো একটি জটিল ও জীবনঘনিষ্ঠ বিষয়ে স্কুল পর্যায়ে কুইজ ও সচেতনতা ছড়ানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এই ধরনের সময়োপযোগী পদক্ষেপ নিয়মিত গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।