প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৪:২১ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৪:৫২ পিএম
উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ছায়া তদন্ত করছে ঢাকা মহাগনর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান হারুন অর রশিদ।
উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় থানা পুলিশও তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ডিবিপ্রধান হারুন অর রশিদ বলেন, গর্ডার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি থানা পুলিশ তদন্ত করছে। আমরাও মামলাটির ছায়া তদন্ত করছি।
সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। যার নম্বর ৪২।
মামলায় ক্রেনচালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সোমবার বিকালে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঢাকায় একটি বইভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। ওই গাড়িতে মোট সাতজন যাত্রী ছিলেন। এর মধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন।
নিহতরা হলেন--রুবেল (৫০), ঝরনা (২৮), ফাহিমা, জান্নাত (৬) ও জাকারিয়া (২)। তাদের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িতে থাকা হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে নবদম্পতি গুরুতর আহত হয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, ফাহিমা হলেন নববধূ রিয়া মনির মা। আর ঝরনা হলেন তার খালা। রুবেল সম্পর্কে ফাহিমা-ঝরনার বেয়াই। জান্নাত ও জাকারিয়া ঝরনার সন্তান। ফাহিমা-ঝরনাদের বাড়ি জামালপুরের ইসলামপুরে। আর রুবেলের বাড়ি মেহেরপুরে।
৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
এদিকে গার্ডারচাপায় প্রাণহানির ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন। রিটে সড়ক ও জনপথ সচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রত্যেকের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু নির্দেশনা চেয়েছি আমরা।
প্রবা/আরএম/এসআর