ন্যাশনাল এডিটরস কাউন্সিল রবিবার এক যৌথ বিবৃতিতে বগুড়ায় সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। ছবি: সংগৃহীত
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
সংগঠনটির আহ্বায়ক ও যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান রবিবার এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করার লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাদের ধারণা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এনইসি বলেছে, মামলাটির বাদী একজন সাংবাদিক হওয়ায় বিষয়টি আরও প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ অভিযোগের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকার কথা নয়।
একই সঙ্গে সংগঠনটি বিস্ময় প্রকাশ করে জানায়, এমন একটি মামলায় নিম্ন আদালত থেকে সমন জারির আগেই পুলিশ সরাসরি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে।
এ ধরনের গ্রেপ্তারি তৎপরতা স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মনে ভীতি এবং সেলফ-সেন্সরশিপের জন্ম দেবে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ন্যাশনাল এডিটরস কাউন্সিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রেপ্তার হওয়া সম্পাদককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টাকে দেশের সম্পাদক ও সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত ও সদ্বিবেচনামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সংগঠনটি জানিয়েছে, দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তারা সবসময় সোচ্চার থাকবে।
একই সঙ্গে এ ঘটনার সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে।