ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুক্রবার বিকালে কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সুলতান শিশু উৎসব- ২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক গ্রহণ করেন চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও শিল্প-সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘এস এম সুলতান পদক-২০২৬’ এ ভূষিত হলেন সুরভী স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের মা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুক্রবার বিকালে কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সুলতান শিশু উৎসব- ২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী শহিদুল ইসলাম।
পদক গ্রহণ করে সৈয়দা ইকবাল মান্দ বানু বলেন, “কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান শিশু উৎসবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে ‘সুলতান’ পদকে ভূষিত করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই”।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সাত্তার বলেন, “সৈয়দা ইকবাল মান্দ বানু আমাদের চারুকলার একজন অ্যালামনাই। অথচ উনাকে আমরা ঠিকমতো চিনিই না। এটা আমাদেরই ব্যর্থতা। আজকে উনাকে 'সুলতান' পদক দিয়ে আমরা সম্মানিত করতে পেরেছি এটা আমাদেরই সৌভাগ্য। আমরা আশা করি নূতন প্রজন্ম তার সম্পর্কে জানবে, তাকে চিনবে, শিল্পে তার অবদান স্বীকৃতি পাবে”।
সুলতান শিশু উৎসবের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “সৈয়দা ইকবাল মান্দ বানু আমাদের চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্রী। তিনি অনুষদের প্রথম দিককার ছাত্রী ছিলেন। বঞ্চিত শিশুদের নিয়ে কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমরা এ বছর উনাকে ‘সুলতান’ পদকে সম্মানিত করেছি”।