রিজার্ভ চুরির মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬ ২০:৪৯ পিএম
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লোগো। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলছে, খসড়া চার্জশিট বিষয়ে সিআইডি কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির কোনো কর্মকর্তা সরবরাহ করেননি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত সংবাদ সিআইডির দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে খসড়া চার্জশিট বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা কোনো গণমাধ্যমকে প্রদান করেননি। তাই ওই বক্তব্যগুলোকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সিআইডি আরও জানায়, মামলাটি এখনও তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হালনাগাদ তথ্য জানানো হবে।
সংবাদমাধ্যমকে এ মামলার বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি বা মুখপাত্রের বক্তব্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পেশাদারিত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয়।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে তদন্তের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসে অন্যতম বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করে খসড়া অভিযোগপত্রটি আইনি মতামতের জন্য সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও ওইসব প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব তথ্যের সঙ্গে নিজেদের আনুষ্ঠানিক অবস্থানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সিআইডি।