ভারত ও বাংলাদেশর পতাকা। ছবি: বিবিসি বাংলা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধা দেওয়ার ঘটনা ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে সোমবার বিকালে তিনটায় তলব করা হয়।
বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে পররাষ্ট্র সচিব শহিদুল করিম।
ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শহিদুল করিম বলেন, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা হয়েছে”।
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং। তারপরে সরকার ব্যবস্থা গ্রহণ করবে”।
প্রসঙ্গত, জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে অনেকটা সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফিরে এসেছেন।