× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভ্যুত্থানে হত্যা মামলা

শেখ হাসিনা-কাদেরসহ ১৭৮ জনকে হাজির হতে আদালতের বিজ্ঞপ্তি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ফেনীতে গণঅভ্যুত্থানকালে গুলিতে নিহত হয় মাহবুবুল হাসান মাসুম। ফাইল ছবি

ফেনীতে গণঅভ্যুত্থানকালে গুলিতে নিহত হয় মাহবুবুল হাসান মাসুম। ফাইল ছবি

ফেনীতে গণঅভ্যুত্থানকালে ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জাতীয় দৈনিক বনিকবার্তায় শনিবার প্রকাশিত ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত আসামিদের বিরুদ্ধে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানের জারি আছে, যেহেতু দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউর এর ৮৭ ও ৮৮ ধারা অনুসারে তাদের বিরুদ্ধে কার্যক্রম গৃহীত হয়েছে, যেহেতু এই আদালতের বিশ্বাস করার সঙ্গত কারণ রয়েছে যে আসমিরা গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রয়েছেন বা আত্মগোপনে আছেন এবং শীঘ্রই গ্রেপ্তারের সম্ভাবনা নাই, সেহেতু উক্ত কোডের ৩৩৯ বি (১) ধারার ক্ষমতাবলে আসামিদের সংশ্লিষ্ট আদালতে এই আদেশ জারির পরবর্তী ১০ দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। ব্যর্থতায় তাহাদের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হবে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতা- কর্মীদের গুলিতে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়। মামলায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে মহিপালে নিহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুমের (২৫) ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী ফেনী মডেল থানায় এ মামলা করেন।

নিহত মাসুম সোনাগাজী উপজেলার চর চান্দিয়া এলাকার নোমান হাসানের ছেলে। তিনি ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে অনার্স চতুর্থ বর্ষের ফলপ্রার্থী ছিলেন। 

হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৫ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৬ সালের ১৪ জানুয়ারি ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মোহাম্মদ হাসান এই অভিযোগপত্র আমলে নেন। একইসঙ্গে শেখ হাসিনাসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

ছাত্র-জনতার আন্দোলনে গুলি করতে প্ররোচনা, উসকানি ও নির্দেশনার অভিযোগে তাদের আসামি করা হয়েছে।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটু, জিয়া উদ্দিন বাবলু, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু প্রমুখ। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ মামলায় ৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েক জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে পরবর্তীতে চার্জশিটভুক্ত কোনো কোনো আসামির জামিন পাওয়ার ঘটনাও ঘটেছে, যা নিয়ে শহিদ পরিবার ও আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

উল্লেখ্য, ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিবর্ষণে ছাগলনাইয়ার আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল আলম মাসুমের মাথা, বুকে ও পিঠে গুলি লাগে। পরে তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ আগস্ট তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিন মোট ৯ জন নিহত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা