বিজিবি এবং আনসার-ভিডিপির মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপির সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সম্পৃক্ত করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার-ভিডিপির মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সীমান্তবর্তী এলাকায় বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে।
সূত্র জানায়, সমঝোতা স্মারক অনুযায়ী রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে বাহিনীর সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।
বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলায় আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলাগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি।
সংশ্লিষ্ট উপজেলা ও থানা পর্যায়ে আনসার, ভিডিপি এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে সূত্র জানিয়েছে।
পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সূত্রের ভাষ্য, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে।
এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।