সেতুর পূর্ব প্রান্ত দিয়ে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৯ হাজার ৫৫৯টি যানবাহন চলাচল করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে উত্তরবঙ্গ ও রাজধানীমুখী যাত্রীদের চলাচল বৃদ্ধি পাওয়ায় ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে ১৯ হাজার ৫৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে ২২ হাজার ৩৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।
সেতুর দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৯০৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদকে কেন্দ্র করে সেতুতে যানবাহনের চাপ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা দুটি করে বুথ চালু রয়েছে”।