রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রবিবার ভোরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মস্কোতে সোমবার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
রাশিয়া সফরের বিষয়ে আগেই ঘোষণা দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তার রওনা দেওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি সফর।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের এই সরকারি সফরের কথা ঘোষণা করেছিলেন।
তিনি বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন।
মুখপাত্র জানান, ৮ জুন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।
খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আলোচনায় জাতিসংঘে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া।
ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের তথ্য অনুযায়ী, সফরসূচিতে ফেডারেশন কাউন্সিল, রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে।