প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
ঢাকার বিজয়নগর এলাকায় শনিবার ‘দক্ষিণের জানালা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস
ঢাকার জন্য ভয়াবহ বিপদের সতর্কবার্তা দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ কোনো ভূমিকম্পে তলিয়ে যাবে এ শহর।
ঢাকার পুরানা পল্টনে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়েজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ঢাকার সম্ভাব্য বিপদ ও নিজের অস্বস্তির কথা জানাতে গিয়ে ফখরুল বলেন, “ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে। যেকোনো দিন যদি ভূমিকম্প কিছু হয়, তাহলে শহর তলিয়ে যাবে। এখানকার পানি খুব ভয়াবহ।
“আজকাল আমার নিজেরই মনে হয়, আমি ঢাকা শহরে থাকব না। শহরের বাইরে গিয়ে থাকব। কারণটা এটা বাসযোগ্য মনে হয় না”।
রাজধানীতে দূষণ নিয়ে মন্ত্রী বলেন, “ঘর থেকে বেরোলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত দূষিত। পাবলিক হাসপাতালের মধ্যে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে”।
কলেজ জীবনের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব জানান, ঢাকা কলেজে অধ্যয়নকালে বুড়িগঙ্গায় নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যেত, কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে, তার কাছে যাওয়াও দায়।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে প্রয়োজনীয় কার্যকর প্রকল্প নেওয়া হচ্ছে না।
শহরের কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনামাফিক করায় জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী।
তার ভাষ্য, পরিকল্পনাটা সঠিক নিতে হবে। নদীগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। পরিবেশ ও দূষণ রোধে এত এত প্রকল্পের মধ্যে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প নেই।