× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবাশ বিজিবি

৬ সীমান্তে ৭০ জনকে ‘পুশ-ইনের’ ভারতীয় অপচেষ্টা ব্যর্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৬ ১১:৫৪ এএম

আপডেট : ১৬ ঘণ্টা আগে

লালমনিরহাট সীমান্তে নারী, পুরুষ ও শিশুদের বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টাকে রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাট সীমান্তে নারী, পুরুষ ও শিশুদের বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টাকে রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার বিএসএফ লালমনিরহাট, নওগাঁ, সাতক্ষীরা ও পঞ্চগড়ের ছয়টি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৭০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রবল বিক্রমে তাদের সেই প্রচেষ্টা রুখে দিয়েছে। এসব ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুশ-ইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। অবৈধ পুশ-ইন ঠেকাতে কোস্ট গার্ডও সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ড ও জেলা প্রতিবেদকদের পাঠানো খবর।

লালমনিরহাট ও পাটগ্রাম

লালমনিরহাট সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার ভোরে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। 

বিজিবি সূত্রে জানা গেছে, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন বড়খাতা বিওপি এলাকায় ভোর ৫টার দিকে ১১ জন এবং পঁয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় আরও ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে পুশ-ইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। একই সময়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭-এর কাছে ভারতীয় অংশে আরও ১২ ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। পরে বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান নেয়।

দুর্গাপুর সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, সীমান্তে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। স্থানীয়রাও বিজিবির সঙ্গে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বড়খাতা সীমান্তের বাসিন্দা আওলাদ হোসেন বলেন, বিজিবির বাধার মুখে ঠেলে দেওয়া ব্যক্তিরা এখনও ভারতীয় অংশে অবস্থান করছে। এলাকাবাসীও বিজিবির সঙ্গে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। 

নওগাঁ

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের কুলমুডাঙ্গা এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঠেলে পাঠানো ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পেয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। 

সাতক্ষীরা

জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তে অন্তত ১০ জনকে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। পুশ-ইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে প্রায় ২০০ থেকে ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরার গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেননি।

শুক্রবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুশ-ইনের চেষ্টার শিকার ওই ১০ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ সময় দুই পাশে বিজিবি ও বিএসএফ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। দুপুর ১২টায় বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে বিজিবির বড়বাড়ি ও বিএসএফের সাকাতি ক্যাম্পের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, বিএসএফ বৈঠকে ১০ জনকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে। প্রমাণ না থাকায় আমরা তাদের গ্রহণ করিনি। 

কোস্ট গার্ডের কড়া নজরদারি

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা পরিলক্ষিত হয়নি। সুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইল্যান্স এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে বাহিনী। পুশ-ইন সংক্রান্ত কোনো তথ্য পেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর অনুরোধ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা