বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
পুলিশের লোগো। ফাইল ছবি
পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তারা গ্রেড-২ মর্যাদা পাবেন। যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌফিক আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন। এরমধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে এবং এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।