নুর মোহাম্মদ মিঠু
প্রকাশ : ০৪ জুন ২০২৬ ০১:৩৬ এএম
রামিসা হত্যা মামলায় নতুন আলোচনায় আসা ডলার। ফাইল ছবি
রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা পুলিশি জিজ্ঞাসাবাদে, ১৬৪ ধারার জবানবন্দিতে কিংবা আদালতের এজলাসে একবারও ‘ডলার’ নামের কোনো ব্যক্তির কথা বলেননি। কিন্তু গত সোমবার প্রিজন ভ্যানে ওঠার সময় হঠাৎ করেই তিনি জোরে জোরে ডলারের নাম উচ্চারণ করে ঘটনার জন্য তাকেও দায়ী করেন। সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয় নতুন আলোচনা।
এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো গণমাধ্যমে মুখ খুলেছেন আলোচনায় আসা সেই ডলারÑ কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। নিজের বাসায় এবং পরে মোবাইল ফোনে প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং একটি পুরনো ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে তার নাম সামনে আনা হয়ে থাকতে পারে।
প্রতিদিনের বাংলাদেশকে ডলার বলেন, ‘আমি ব্যবসায়ী মানুষ। ব্যবসায় লস খেয়ে এখন খারাপ অবস্থার মধ্যে আছি। আমার তিনটা সন্তান আছে। পরিবার আছে। হঠাৎ করে আমাকে কেন এই ঘটনায় জড়ানো হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না।’
বুধবার দিনভর সরেজমিন অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, ব্যবসায়ী, পরিবারের সদস্য এবং তদন্ত সংশ্লিষ্টদের বক্তব্যেও ডলারকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।