× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বিভাগে হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১২:২৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১২:২৫ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা সম্পন্ন হলে আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালগুলো উদ্বোধন করা হবে।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় নির্মিত পাঁচটি শিশু হাসপাতালের জন্য ইতোমধ্যে আসবাবপত্র ও চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রতিটি হাসপাতালে আইসিইউ ও কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রিত (সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং) ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে শয্যা সংখ্যা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে বলেও জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি হাসপাতালে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিয়ে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

“আমরা একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই”, উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে দুর্নীতি ও অবহেলার কারণে স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। 

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের আবাসন–সংকট নিরসনে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এরই মধ্যে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করেছে গণপূর্ত অধিদপ্তর। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।

এর পাশাপাশি ঢাকা মিডফোর্ড হাসপাতালের কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, পুরোনো ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের অর্থায়নে বাংলাদেশে পাঁচটি এক হাজার শয্যার বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দেশের পাঁচটি বড় শহর বা শহরসংলগ্ন এলাকায় এসব হাসপাতাল গড়ে তোলা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া আগামী ১৫ আগস্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (নিমহ) নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা