এ কে এম রহমতুল্লাহ। ফাইল ছবি
পাঁচবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে।
তার দলীয় লোকজনের সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় তার নিজ এলাকা বেড়াইদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান এ কে এম রহমতুল্লাহ। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।