× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ২১:৫৮ পিএম

সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। 

পরিবেশমন্ত্রী বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তরের বিষয়গুলো সরকার গুরুত্ব সহকারে দেখছে। 

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, দেশব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, শিল্পখাতে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সাভারের ট্যানারি শিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি উল্লেখ করেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো তুলনামূলকভাবে কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সহজ শর্তে ও সময়োপযোগী জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। তা ছাড়া কপ-৩১ নিয়েও দুজন কথা বলেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি সবুজ জ্বালানি রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন কার্যক্রমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজতর করা, নীতিগত সংস্কার এগিয়ে নেওয়া এবং উদ্ভাবনী জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশ ও ইউরোপিয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা