প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬ ২১:০৫ পিএম
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত বা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। তবে নম্বর প্লেট বিকৃত বা অস্পষ্ট হলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, আগে নম্বর প্লেট সংক্রান্ত অপরাধে মামলা করা হলেও এখন চালক ও মালিক, উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।
তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে সড়কে চলাচল করছেন। বিষয়টি তদন্ত করে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের একটি দল সংশ্লিষ্ট চালক মো. লাবলু হককে গ্রেপ্তার করে। আদালতে হাজির করা হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এআইকে ফাঁকি দেওয়ার এ ধরনের কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিএমপির মূল লক্ষ্য শাস্তি প্রদান নয়, বরং জনগণকে সচেতন করা এবং স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা। তবে কেউ ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।