× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান রুমনের

বাসস

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:০৫ পিএম

আপডেট : ০১ জুন ২০২৬ ২০:২৭ পিএম

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি : পিএমও

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি : পিএমও

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। টেলিভিশন স্ক্রিন ও পত্রিকার পাতাগুলোই এর বড় প্রমাণ। তবে কিছু অনলাইন মিডিয়ায় মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। এতে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।

ঈদকে ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে সোমবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক। মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সে ব্যাপারে সরকার আন্তরিক। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। তার টিমের সঙ্গে যারা আছেন তারাও, অর্থাৎ আমরাও কিন্তু ঈদের ছুটির দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও কাজ করেছি।

“প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন। কোথায় পরিষ্কার হয়েছে, কোথায় হয়নি, কোথাও গাফিলতি হয়েছে কি না? এসব ঘুরে ঘুরে দেখেছেন। যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন” বলেন রুমন।

তিনি আরও বলেন, “আমরা মানুষের সেবায় এভাবে রাতদিন কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২-১৩ ঘণ্টা করে, এমনকি মাঝে মাঝে ১৬ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন”।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মধ্যেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে ঈদের নানা স্মৃতি আমাদের মনে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা