× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুধের উৎপাদন বাড়াতে পদক্ষেপ নেবে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৪:৩৬ পিএম

প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে সোমবার মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে সোমবার মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমাতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেছেন, ভবিষ্যতে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে সোমবার আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি: উন্নয়নের অগ্রযাত্রা’।

প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। নারীরা শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

সালাউদ্দিন টুকু বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসনীয়ই নয়, তাদের দক্ষতা উন্নয়নে আরও প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একজন উদ্যোক্তা সফল হলে দেশের অর্থনীতিও উপকৃত হয়।

তিনি আরও বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রত্যয়কে ধারণ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশকে আরও এগিয়ে নেওয়া এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এর আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় হয়ে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কর্তৃক প্রাণিসম্পদ ভবনের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে দুধ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুর রহিম এবং মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান এবং স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

এরপর প্রতিমন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি। তাই কর্মকর্তা-আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে সরকার জনগণের প্রত্যাশা পূরণে আরও সক্ষম হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা