প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৮৪ জন। গত ২৬ মে থেকে রবিবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
ঢাকা
রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেনÑ লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), ফুফাতো বোন খুশি বেগম (৩৫), রবিউল ইসলাম (২২), ব্যাটারিচালিত অটোরিকশা চালক মোখলেছুর রহমান (৩৫) ও দর্জি রাজিবুল ইসলাম (২৮)।
নেত্রকোণা
সদর ও কলমাকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও নাতিসহ ৫ জন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) ও ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।
ময়মনসিংহ
সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। তারা হলোÑ হালুয়াঘাট উপজেলার জাহাঙ্গীর আলম ও তার ছেলে রুহান আলী (৩) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার রেণু মিয়ার ছেলে শাহরিয়ার মাহিন (২২)।
নীলফামারী
কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতালেব হোসেন জীম বাবু (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে খদ্দারপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
বগুড়া
কাহালু, নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতরা হলো- উত্তম মণ্ডল, হৃদয়, রবিউল আউয়াল ওরফে জিয়া, ইনজামাম, রাহিম, অপূর্ব, প্রেম, আবু রায়হান, তামিম হোসেন ও আশরাফুল ইসলাম প্রামাণিক।
সাতক্ষীরা
শ্যামনগর ও তালা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আনসার আলী মোড়ল (৯৫), নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫) নামে তিনজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জ
জেলা শহরের বেদগ্রাম এলাকায় গত বৃহস্পতিবার বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ২৫ বাসযাত্রী। নিহতরা হলোÑ পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (৩২), তার স্বামী মো. সোহাগ ও ছেলে আরমান (৮) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), একই গ্রামের মাহাবুব শেখের ছেলে সইব শেখ (১৯)।
দিনাজপুর
চিরিরবন্দর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও দুজন আহত হয়েছে। নিহতরা হলোÑ তানভীনা আক্তার লিজা মনি (২৫), জাবির খালেদ (১৭), মো. রিয়াদ হোসেন (১৮), হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪)।
বরিশাল
গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলোÑ উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে শাহ আলম (৩৯), ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাত।
নরসিংদী
শিবপুর ও মাধবদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলোÑ মো. রুবেল শেখ (১৭), জুনায়েদ মিয়া ও কুসুম আলী (৩৫)।
ফরিদপুর
নগরকান্দায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছে। তাদের বাড়ি মধুখালী উপজেলায়।
টাঙ্গাইল
সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানন আহমেদ (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে।
পটুয়াখালী
গলাচিপা পৌরশহরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত তামিম ইকবাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার ঝিলাম মিয়ার ছেলে ও আল ফয়সাল তামিরুল মিল্লাত আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।
কুমিল্লা
চৌদ্দগ্রাম বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় মোবারক হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা ভূঁইয়া বাড়ির মৃত হাজী মোখছেদুর রহমান ছেলে।
কক্সবাজার
চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নয়ন উদ্দিন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লাহারপাড়া এলাকার বাসিন্দা।
ফেনী
ফেনীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাসেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লা বাড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
বরগুনা
আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে হেলপার আজাদ মোল্লা (২৭) নিহত ও চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন। নিহত আজাদ মোল্লা টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আউয়ুব মোল্লার ছেলে।
চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক।