× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৫:২৬ পিএম

কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে শনিবার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে  আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে শনিবার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে শনিবার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ ও জনগণমুখী রাজনীতি দেশের মানুষের কাছে আজও অনুকরণীয়। 

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্ববোধ, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে নেতা-কর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, জনগণ একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও দায়িত্বশীল, সংযমী ও জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে। 

তিনি বলেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহযোগিতার জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন।

আমিন উর রশিদ বলেন, সরকার ও দলের নাম ব্যবহার করে কেউ যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে; ফলে এমন কোনও কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।

তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দায়িত্ব পালনকালে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে চান উল্লেখ করে তিনি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই তিনি দেশ-বিদেশে একজন আপসহীন নেত্রী  হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণ সংশ্লিষ্ট কার্যক্রম তদারকিতে মাঠপর্যায়ে খোঁজখবর নিচ্ছেন এবং দায়িত্ব পালনে অবহেলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। জনগণের কল্যাণে নেতৃত্বের এ ধরনের সক্রিয়তা থেকে দলীয় নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা