হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের ফুল ও জমজমের পানি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফুল ও জমজমের পানি দিয়ে দেশে ফেরা হজযাত্রীদের অভ্যর্থনা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের এ অভ্যর্থনা জানানো হয়।
হজযাত্রীদের বহনকারী বিমানের প্রথম ফিরতি ফ্লাইট বিজি-৩৩৬ সৌদি আরবের জেদ্দা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে আগত হজযাত্রীদের ফুল ও পবিত্র জমজমের পানি উপহার দিয়ে স্বাগত জানানো হয়। একই সঙ্গে সৌদি এয়ারলাইন্স-এর হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক (গ্রাহক সেবা-ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে মোট ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। এছাড়া ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত পোস্ট-হজ কার্যক্রমে ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে তাদের পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত থাকবে।