ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৬:৪৭ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার সকালে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আপনাদের উপস্থিতিতে একটা কথা খুব পরিস্কার করে বলছি যে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনৈতিক কোনো চাপ দেওয়া হবে না।”
তিনি বলেন, “এটা (ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়)
ঠাকুরগাঁওয়ের ব্রাইট, এটা ঠাকুরগাঁওয়ের গর্ব। আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি, এটাকে আমাদের সঠিক জায়গায়, সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে। এটা আপনাদের বিশ্ববিদ্যালয়,
আমাদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা এই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানে সবচাইতে মেধাবীরা এখানে কাজ করবে।
মির্জা ফখরুল বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্য নিয়োগের ক্ষেত্রে কোন রকম স্বজনপ্রীতি বা অন্যকিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সব চাইতে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজের লোক নিতে হবে। এখানে দাতব্য চিকিৎসা করা হয় না, এটা উচ্চ শিক্ষার একটা জায়গা।
তিনি বলেন, “এখানে সবচাইতে উচ্চ শিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদেরকেই নিয়োগ দিতে হবে। এই কথা শুনে অনেকেই মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই।”
মন্ত্রী বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোড় দিয়ে বলছি এইজন্যে ইতিমধ্যে আমার ওপরেও অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই পলিটিক্যাল লোক আমি, আমাদের এ বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপরেও চাপ সৃষ্টি হচ্ছে ।
“এটা করতে হবে, ওটা করতে হবে; কিন্তু এখানে ওটা চলবে না এবং চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচাইতে ভালো শিক্ষকদেরকে নিতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে তারেক রহমান যখন ঠাকুরগাঁওয়ে আসলেন, সেসময় তারেক রহমানের কাছে আমরা এলাকার কয়েকটা দাবি তুলে ধরেছিলাম, তারমধ্যে অন্যতম দাবি ছিল আমাদের ঠাকুরগাঁও বিশ্ব বিদ্যালয়ের দাবি। তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম, উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন সরকার গঠন করার পরে।
তিনি বলেন, আমরা দুটো উপজেলা চেয়েছিলাম সেই উপজেলা দুটোকেও প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্জুর করে দিয়েছেন। আমি আজ আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ইস্রাফীল, জেলা প্রশাসক রফিকুল রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমূখ।
এরপর ঠাকুরগাঁও শহরের রুহুল আমিন মিলনায়তে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।