প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৬ ২০:০২ পিএম
বনানী সামরিক কবরস্থানে প্রথমে নৌবাহিনীর সাবেক প্রধান এবং জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ছবি: বিএনপি মিডিয়া সেল
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার বনানী সামরিক কবরস্থানে যান।
সেখানে প্রথমে তারা নৌবাহিনীর সাবেক প্রধান এবং জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
পরে প্রধানমন্ত্রী ও ডা. জোবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ভয়াবহ বিদ্রোহের ঘটনা ঘটে।
ওই ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়ায়। নিহতদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।